
বাংলা রিডার ডেস্ক
আগামী ৭ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে নয়াদিল্লিতে তিনি ভারতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সফরের সময় গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন এবং ভারত থেকে জ্বালানি আমদানি বাড়ানোর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।
বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানিতে যুদ্ধজনিত বিঘ্নের কারণে বিকল্প উৎস হিসেবে ভারত থেকে জ্বালানি সংগ্রহ বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ।
সূত্র জানায়, মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেওয়ার আগে নয়াদিল্লি সফর করবেন ড. খলিলুর রহমান, যিনি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সূত্রের বরাতে জানা গেছে, আগামী ৮ এপ্রিল তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পিয়ূষ গোয়ালের সঙ্গে বৈঠকে বসবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটি কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর।
প্রতিবেদনে আরও বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ মেয়াদের সভাপতির পদে বাংলাদেশ ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে। এ বিষয়ে ভারতের সমর্থন চাইতে পারেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যার মেয়াদ এখন শেষের পথে। এ প্রেক্ষাপটে উভয় দেশের প্রতিনিধিরা চুক্তিটির জলবিজ্ঞান ও প্রযুক্তিগত দিক পর্যালোচনা করছেন।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে চুক্তি করতে হলে পানির প্রবাহে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হবে।
এ ছাড়া সফরে ভারত থেকে অতিরিক্ত জ্বালানি, বিশেষ করে ডিজেল সরবরাহের বিষয়েও আলোচনা হতে পারে। এ লক্ষ্যে ভারতের জ্বালানিমন্ত্রী হরদ্বীপ সিং পুরির সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস



