
বাংলা রিডার ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বড় পরিসরের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ‘নো কিংস’ নামে এই কর্মসূচিকে ঘিরে আয়োজকদের দাবি, এটি দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ প্রতিবাদে রূপ নিতে পারে।এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আয়োজকদের তথ্যমতে, ৫০টি অঙ্গরাজ্যে তিন হাজারের বেশি বিক্ষোভের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এতে প্রায় ৯০ লাখ মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
বিক্ষোভের কেন্দ্রবিন্দু ধরা হয়েছে মিনেসোটা অঙ্গরাজ্যকে। বিশেষ করে সেন্ট পলের মিনেসোটা ক্যাপিটল প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশকে জাতীয় প্রধান কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক এক ঘটনায় ফেডারেল এজেন্টদের গুলিতে দুজন নিহত হওয়ার প্রেক্ষাপটে অঞ্চলটি প্রতিবাদের কেন্দ্র হয়ে উঠেছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এই সমাবেশে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন। তিনি ‘স্ট্রিটস অব মিনিয়াপোলিস’ গানটি পরিবেশন করবেন, যা সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে রচিত। পাশাপাশি তার ‘ল্যান্ড অব হোপ অ্যান্ড ড্রিমস’ ট্যুরও মিনিয়াপোলিস থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
মিনেসোটার আয়োজকদের আশঙ্কা, ক্যাপিটল প্রাঙ্গণে এক লাখের বেশি মানুষের সমাগম হতে পারে। এর আগে গত জুনে একই স্থানে প্রায় ৮০ হাজার মানুষের উপস্থিতি ছিল।
এছাড়া সেন্ট পলের সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে গায়িকা Joan Baez, অভিনেত্রী Jane Fonda এবং সিনেটর Bernie Sanders-সহ বিভিন্ন শ্রমিক নেতা ও জনপ্রতিনিধিদের।
তবে হোয়াইট হাউস এই বিক্ষোভকে ‘বামপন্থি অর্থায়নকারী নেটওয়ার্কের’ ফল হিসেবে উল্লেখ করে দাবি করেছে, এর পেছনে সাধারণ জনগণের প্রকৃত সমর্থন নেই।



