রাষ্ট্রপতির ফোন, নুরের খোঁজ নিলেন সাহাবুদ্দিন

বাংলা রিডার ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (৩১ আগস্ট) সকালে গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ জানান, সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি ফোন করে নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি নুরকে আশ্বস্ত করে বলেন, বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবু হানিফ আরও জানান, রাষ্ট্রপতি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেন এবং নুরের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরসহ অন্তত ৫০ জন আহত হন।

বিজ্ঞাপন

Recommended For You