
বাংলা রিডার ডেস্ক
আগামীকাল রোববার বিএনপি, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র বাইরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তাঁর প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “সরকার আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ষড়যন্ত্র এই নির্বাচন পেছাতে পারবে না।”
ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) একটি রোডম্যাপ প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রোডম্যাপটি তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোডম্যাপে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া আসন সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ মোট ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রম প্রাধান্য পেয়েছে রোডম্যাপে।
এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।



