
বাংলা রিডার ডেস্ক
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে, অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দেওয়া ওই বিবৃতিতে সরকার জানায়, নির্বাচন যথাসময়ে আয়োজন করা তাদের দৃঢ় প্রতিশ্রুতি, এবং এটি বাংলাদেশের জনগণের প্রতি তাদের একনিষ্ঠ অঙ্গীকার। নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র ও বাধা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে বলে জানানো হয়।
বিবৃতিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই অভ্যুত্থানের নেতা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানায় সরকার। এই হামলাকে তারা শুধুমাত্র একজন নেতার ওপর নয়, গণতান্ত্রিক চেতনার ওপরও আঘাত হিসেবে উল্লেখ করেছে।
সরকার জানায়, এই ঘটনায় একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে এবং কেউই জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার অঙ্গীকার করা হয়েছে।
নুর ও আহত নেতাকর্মীদের চিকিৎসা নিশ্চিত করতে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়।
বিবৃতিতে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নুরের ভূমিকা ও সাহসিকতা তুলে ধরা হয় এবং বলা হয়, তিনি একতা ও গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছিলেন।
সর্বশেষে সরকার জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে, যাতে জনবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রে উত্তরণ নিশ্চিত করা যায়।



