
বাংলা রিডার ডেস্ক
ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা-তে হামলার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান আমির হাতামি শনিবার এ ঘোষণা দেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিউজ এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তিপূর্ণ একটি মিশন শেষ করে জাহাজটি ইরানে ফিরছিল। সে সময় কোনো উসকানি ছাড়াই এতে হামলা চালানো হয়, যাতে শতাধিক নৌসেনা সদস্য নিহত হন।
তিনি বলেন, “এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। আইআরআইএস দেনা–এর ক্রুরা ইরানি নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন।” একই সঙ্গে তিনি জানান, দেশের সমুদ্রসীমা রক্ষা ও নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করতে ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।
গত ১৮ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তম শহরে আন্তর্জাতিক নৌ-মহড়া মিলন ২০২৬ আয়োজন করে ভারত। এতে ৭০টিরও বেশি দেশ অংশ নেয় এবং ইরানও তাদের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা নিয়ে মহড়ায় অংশগ্রহণ করে।
মহড়া শেষে ইরানে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয়ে যায়। এতে জাহাজে থাকা ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জন নিহত হন।
নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। শুক্রবার সেসব মরদেহ রাজধানী তেহরান-এ ফেরত পাঠানো হয়।
সূত্র: আল জাজিরা.



