
বাংলা রিডার ডেস্ক
মার্কিন বাহিনী যদি ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপ-এ তেল অবকাঠামোতে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে কার্যরত সব মার্কিন তেল কোম্পানি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ‘ছাইয়ের স্তূপে’ পরিণত করার হুমকি দিয়েছে ইরান।
ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়। দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এবং তাসনিম নিউজ এজেন্সি শনিবার সেই বিবৃতি প্রকাশ করেছে।
এর আগে শুক্রবার ইরানের বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে অভিযান চালায় মার্কিন বিমান বাহিনী। ওই ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন।
তবে তিনি সতর্ক করে বলেন, ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও অবাধ চলাচলে বাধা দেয়, তাহলে তিনি অবিলম্বে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।
ট্রাম্পের এই পোস্টের কয়েক ঘণ্টা পরই মধ্যপ্রাচ্যে কার্যরত মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলোর বিরুদ্ধে হামলার হুমকি দেয় আইআরজিসি।
উল্লেখ্য, পারস্য উপসাগরে ইরানের উপকূল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে এবং হরমুজ প্রণালি থেকে প্রায় ৪৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত প্রায় ৫ বর্গমাইল আয়তনের খার্গ দ্বীপকে ইরানের ‘অর্থনৈতিক মেরুদণ্ড’ বলা হয়। দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল ও তরল গ্যাস রপ্তানি এই দ্বীপের মাধ্যমেই বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। কৌশলগত দিক থেকেও দ্বীপটির গুরুত্ব অত্যন্ত বেশি।
সূত্র: বিবিসি.



