
বাংলা রিডার ডেস্ক
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে একটি ব্যতিক্রমী চিরকুট, যেখানে লেখা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে একটি বার্তা:
“শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।”
শনিবার (৩০ আগস্ট) সকালে মসজিদের ১৪টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৩২ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বসে শুরু হয় গণনার কাজ।
জানা গেছে, প্রায় ৪ মাস ১৮ দিন পর এবার দানবাক্সগুলো খোলা হয়েছে। এ সময় দানবাক্স খোলার কাজে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার ছাত্র এবং রূপালী ব্যাংকের কর্মকর্তাসহ প্রায় চার শতাধিক মানুষ।
এতদিন পর দানবাক্স খোলার কারণে এবার নতুন করে স্থাপন করা হয়েছে আরও দুটি দানবাক্স।
এর আগে চলতি বছরের ১২ এপ্রিল, ৪ মাস ১২ দিন পর দানবাক্স খুলে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়।
এবারের দানগণনায় কত টাকা পাওয়া গেছে, তা গণনা শেষে জানানো হবে বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।



