চাঁদপুরের মেয়ে বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল

বাংলা রিডার ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। তিনি জানান, মঙ্গলবার ফেরদৌস আরার হঠাৎ তীব্র মাথাব্যথা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফেরদৌস আরা ছিলেন বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবনের শুরু হয় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে। চলতি বছরের ৯ জানুয়ারি তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ব্যক্তিজীবনে ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তার জন্ম ঢাকায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি একজন শিক্ষক স্বামীর সহধর্মিণী এবং এক কন্যা সন্তানের জননী।

তার আকস্মিক মৃত্যুতে প্রশাসন ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

Recommended For You