
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আগামী ২৪ থেকে ২৭ আগস্ট চার দিনে সীমানা নির্ধারণে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৮ আগস্ট) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ এই তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, আগামী রোববার (২৪ আগস্ট) থেকে আমরা সীমানা নির্ধারণে দাবি-আপত্তির যে আবেদনগুলো এসেছে সেগুলোর শুনানি শুরু করব। যা চলবে বুধবার (২৭ আগস্ট) পর্যন্ত।
এ সংক্রান্ত এক চিঠি থেকে জানা যায়, আগামী রোববার (২৪ আগস্ট) কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের বিপরীতে ৬৮৩টি দাবি-আপত্তির শুনানি গ্রহণ করা হবে। পরদিন সোমবার (২৫ আগস্ট) খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি এবং চট্টগ্রামের ২০টি শুনানি গ্রহণ করা হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের ৩১৬টি আসনের দাবি-আপত্তির শুনানি গ্রহণ করবে ইসি এবং সবশেষ বুধবার (২৭ আগস্ট) রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি ময়মনসিংহের ৩টি, ফরিদপুরে ১৮টি এবং সিলেট অঞ্চলের ২টি আসনের দাবি-আপত্তি শুনবে সংস্থাটি।



