‘ছবির মাধ্যমে অসঙ্গতি তুলে ধরে চাঁদপুরবাসীকে সচেতন করবেন’

বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের অভিষেক (২০২৫–২০২৭) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় সংগঠনের সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রেসক্লাবের অনেক সদস্য একই সঙ্গে ফটোজার্নালিস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন, যা ইতিবাচক। সবাই মিলেমিশে কাজ করলে কোনো সমস্যা হবে না উল্লেখ করে তিনি বলেন, ছবি ধারণের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরে চাঁদপুরবাসীকে সংশোধনের পথে এগিয়ে নিতে ফটোজার্নালিস্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জেলা বিএনপির পক্ষ থেকে সবসময় সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী এবং চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য সাংবাদিক আহম্মদ উল্যাহ।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়াসহ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তিবর্গকেও সংগঠনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের হাত থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ অভিষিক্ত হন।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সাংবাদিক পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You