
বাংলা রিডার ডেস্ক
মাঠপর্যায়ে পেশাদার ও ধারাবাহিক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন সাংবাদিককে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার–২০২৫ প্রদান করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এ বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন— দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি, গীতিকার ও লেখক কবির হোসেন মিজি; ডিবিসি নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক শপথ পত্রিকার বার্তা সম্পাদক নজরুল ইসলাম আতিক; এবং এনটিভি, সময়ের আলো ও জাগো নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রবাহের যুগ্ম বার্তা সম্পাদক শরীফুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্যাহ সেলিম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ।
বক্তারা বলেন, মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের এমন স্বীকৃতি তাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে তোলে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতেও পেশাদার সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।



