নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা চলমান: সাবেক প্রতিমন্ত্রী মিলন

বাংলা রিডার ডেস্ক

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করার নানা অপচেষ্টা চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকতে পারে। বর্তমান পরিস্থিতিতে প্রশাসনকে অত্যন্ত কঠোর অবস্থান নিতে হবে এবং সবাইকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হাদি হত্যাকাণ্ডের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে অপচেষ্টাকারীরা নিষ্ক্রিয় নয়। বিষয়টি প্রশাসন, সরকার ও নির্বাচন কমিশনকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকেও আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে মিলন বলেন, এবারের নির্বাচনে যাঁরা তার প্রতিদ্বন্দ্বী হবেন, সবাই যোগ্য প্রার্থী। কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। তিনি আশা প্রকাশ করে বলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়েই নতুন সরকার গঠিত হবে।

তিনি আরও বলেন, অতীতে সরকারের দায়িত্বে থাকাকালে চাঁদপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি ভূমিকা রেখেছেন। পুনরায় দায়িত্ব পেলে কর্মমুখী ও কারিগরি শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন। তার মতে, কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে জাতিকে আন্তর্জাতিক পরিসরে এগিয়ে নিতে হবে।

এ সময় তিনি বলেন, তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একটি উন্নত ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সহসভানেত্রী নাজমুন্নাহার বেবী, কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You