
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর সাহিত্য মঞ্চের উদ্যোগে ২০২৫ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত চাঁদপুরের লেখকদের ১২টি নির্বাচিত গ্রন্থ নিয়ে পাঠ-পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগস্ট, শনিবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানে প্রতিটি পর্বে ছয়টি করে বই নিয়ে বিশদ আলোচনা করেন জেলার বিশিষ্ট লেখক ও সাহিত্যিকরা।
প্রথম পর্বে আলোচনা হয় নিম্নোক্ত ছয়টি গ্রন্থ নিয়ে—‘জল তিতির’ (কবি ইলিয়াস ফারুকী): আলোচনা করেন গাজী গিয়াস উদ্দিন, সভাপতি, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ। ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’ (নুরুন্নাহার মুন্নি): বিশ্লেষণ করেন কবি ও সাংবাদিক মামুন রশীদ। ‘কুরুক্ষেত্রের ঘুড়ি’ (মাইনুল ইসলাম মানিক): আলোচনা করেন তরুণ কবি নিঝুম খান। ‘জলের ক্যালিগ্রাফি’ (সঞ্জয় দেওয়ান): বক্তব্য দেন কবি ও সংগঠক দন্ত্যন ইসলাম। ‘লাল রঙের নামতা’ (কবির হোসেন মিজি): পর্যালোচনা করেন সাংবাদিক ও আবৃত্তিশিল্পী আহমেদ শাহেদ। ‘আততায়ী অন্ধকার’ (জাহিদ নয়ন): আলোচনা করেন কবি ও সংগঠক ম. নূরে আলম পাটওয়ারী। এই পর্বে সভাপতিত্ব করেন চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম।
দ্বিতীয় পর্বে আলোচিত হয় আরও ছয়টি গ্রন্থ—‘চাঁদপুরের সংস্কৃতি, লোককথা ও অন্যান্য’ (কাদের পলাশ): আলোচনা করেন সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান।‘পাখির খোঁজে বাংলাজুড়ে’ (গাজী মুনছুর আজিজ): বক্তব্য রাখেন লেখক ও আবৃত্তিশিল্পী রাজিব কুমার দাস। ‘চিত্রকলার জগৎ’ (মুহাম্মদ ফরিদ হাসান): পর্যালোচনা করেন লেখক ও সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ।‘এই জনমে’ (মিজানুর রহমান রানা): আলোচনা করেন সাংবাদিক আবদুল গনি। ‘কৃষ্ণচূড়া মোড়’ (দেওয়ান মাসুদুর রহমান): বক্তব্য দেন কবি ও সাংবাদিক মনিরুজ্জামান বাবলু। ‘মৌন বৃক্ষের রাত্রিদিন’ (আরিফুল ইসলাম শান্ত): আলোচনা করেন কবি ও সংগঠক সুমন কুমার দত্ত।
শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মাসুদ হাসান। অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক সাদ আল-আমিন।
আলোচকরা বলেন, চাঁদপুরের লেখকদের সাহিত্যচর্চা বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতি বছর জাতীয় বইমেলায় স্থানীয় লেখকদের অসংখ্য বই প্রকাশিত হচ্ছে। সেই বইগুলোর মধ্য থেকে নির্বাচিত কিছু বই নিয়ে এই আয়োজন লেখক-পাঠকের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে এবং পাঠকের পাঠাভ্যাসে উৎসাহ যোগাবে।
সঞ্চালনা ও তত্ত্বাবধান: অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাহিত্য মঞ্চের যুগ্ম সম্পাদক সামিয়া আলম এবং সদস্য সামিরা মেহনাজ নুসরাত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপ-কমিটির আহ্বায়ক মুহাম্মদ হানিফ এবং সদস্য সচিব ইয়াসিন দেওয়ান।
এই ধরনের সাহিত্য আয়োজন আগামী দিনে চাঁদপুরের সাহিত্যচর্চাকে আরও গভীর এবং সম্প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।



