
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন সংখ্যা আড়াই লাখে পৌঁছেছে। নির্ধারিত সময় শেষ হলে সংশ্লিষ্ট ভোটারদের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, চিলি, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ নানা দেশে প্রবাসীরা নিবন্ধন করছেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট নিবন্ধন দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৪১ জন, যা প্রতি মুহূর্তে বাড়ছে।
ইসি জানায়, অ্যাপে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট দিয়ে তা ফেরত খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এ নির্বাচনে ৫০ লাখ প্রবাসী ভোটার যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।



