
বাংলা রিডার ডেস্ক
বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন।
নির্বাচনে তিনি ২৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহীম আলী পেয়েছেন ১৮ ভোট।
এদিকে সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গোলাম মওলা। তার প্রতিদ্বন্দ্বী মো. রহিম শেখ পেয়েছেন ১৪ ভোট।
নতুন কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর (২০২৬-২৭) দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) অডিটোরিয়ামে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্যদের ভোটে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
উল্লেখ, গিয়াস উদ্দিনের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে। গিয়াস উদ্দিন বর্তমানে দেশের অন্যতম বিজনেস দৈনিক বাণিজ্য প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক এর দায়িত্ব পালন করছেন। প্রায় ১৬ বছর ধরে তিনি সাংবাদিকতা করছেন। গিয়াস উদ্দিন শুরুতে রাজনৈতিক বিটে কাজ করলেও পরে বিজনেস রিপোর্টিং এ কাজ শুরু করেন। বর্তমানা তিনি অর্থনীতিবিদের একমাত্র সমিতি বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট’স ফোরামের (সিএমজেএফ), ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) স্থায়ী সদস্য হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের ২০২৫-২০২৭ মেয়াদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা কলেজ সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক, ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) দফতর সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট’স ফোরামের (সিএমজেএফ) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন পরিচালনায় গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক নয়া দিন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম। অন্য দুই সদস্য ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সামদানী ভুঁইয়া ও প্রতিষ্ঠাতা সদস্য ও সিএমজেএফ সভাপতি মনির হোসেন।
নতুন কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আমাদের অর্থনীতির মাসুদ মিয়া। যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন রাইজিং বিডির নাজমুল ইসলাম ফারুক। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ইন্স্যুরেন্স নিউজবিডির আব্দুর রহমান।
কার্যনির্বাহী কমিটির ২টি সদস্য পদে নয়া দিগন্তের শাহ আলম নূর ৩২ ভোট এবং আরটিএনএন-এর আজিবুল হক পার্থ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।



