
বাংলা রিডার ডেস্ক
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান বছরব্যাপী অভিযানের অংশ হিসেবে ক্যামেরন হাইল্যান্ডসে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চারটি ভিন্ন জোনে চালানো এই অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ জনকে আটক করা হয়েছে।
অভিযানটি ‘অপ জেম্পুর’ নামের বিশেষ কার্যক্রমের আওতায় পরিচালিত হয়, যেখানে ব্যবসায়িক এলাকা, নির্মাণ সাইট ও সবজি খামার অন্তর্ভুক্ত ছিল। এতে ৫৪৭ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন।
স্থানীয় সূত্র জানায়, অভিযানের সময় অধিকাংশ বিদেশি সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত থাকায় আকস্মিক অভিযানের বিষয়ে তারা পূর্ব ধারণা করতে পারেননি। ফলে তাদের সহজেই আটক করা হয়।
অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে থেকেই এই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তিনি বলেন, উচ্চভূমির ভৌগোলিক বৈশিষ্ট্য, শহর থেকে দূরত্ব এবং কৃষিখাতে শ্রমিক চাহিদার কারণে ক্যামেরন হাইল্যান্ডস এখন বিদেশি শ্রমিকদের জন্য আকর্ষণীয় এলাকায় পরিণত হয়েছে।
অভিযানে মোট এক হাজার ৮৮৬ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। বিভিন্ন অনিয়ম— যেমন মেয়াদোত্তীর্ণ পাস, বৈধ ভ্রমণ নথির অভাব এবং কিছু ক্ষেত্রে নকল টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস— পাওয়ায় ৪৬৮ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছে
মিয়ানমারের ১৭৫ জন
বাংলাদেশের ১৭৪ জন
ইন্দোনেশিয়ার ৬৭ জন
নেপালের ২০ জন
পাকিস্তানের ১৬ জন
ভারতের ১১ জন
এছাড়া ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক।
তাদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। এদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী ও চারজন শিশু রয়েছে। আটক ব্যক্তিদের কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে মোট ৮৩ হাজার ৯৯৪ জন বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থানই এসব উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



