
বাংলা রিডার ডেস্ক
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। সকাল-সন্ধ্যায় বেড়েছে ঠান্ডার অনুভূতি, রাতভর পড়ছে ঘন কুয়াশা। বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার একই সময় এ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিন ধরে জেলার দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত কমছে। সন্ধ্যা নামলেই বইছে উত্তরের হিমেল হাওয়া, যা শীতের অনুভূতি বাড়িয়ে তুলছে। রাতভর কুয়াশায় ঢেকে থাকে গ্রামাঞ্চল, তবে সূর্য ওঠার পর কিছুটা উষ্ণতা ফিরে আসে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়দের অনেকে এখন থেকেই গরম কাপড় ব্যবহার শুরু করেছেন। সদর উপজেলার মাগুড়া এলাকার বাসিন্দা ময়নুদ্দীন বলেন, “কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা লাগে। ফজরের নামাজ পড়তে বের হলে চারপাশে ঘন কুয়াশা দেখা যায়, সূর্য ওঠার পর কিছুটা স্বস্তি মেলে।”
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৬৭ শতাংশ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, চলতি মাসের শেষের দিকে জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।



