চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযান: ২৭ লাখ মিটার জাল জব্দ, আটক ১১ জেলে

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরে ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় ১১ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। এ সময় ২৭ লাখ ১ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল, ২৪১ কেজি ইলিশ এবং ৬টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

নৌ-পুলিশ সূত্র জানায়, পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন এলাকায় টানা অভিযানে জেলেদের আটক করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মৎস্য আইনে ৫টি মামলা করা হয়েছে।

এসপি ইমতিয়াজ আহমেদ বলেন, “মা ইলিশ রক্ষায় আমরা জেলা টাস্কফোর্সের সঙ্গে নিয়মিত অভিযান চালাচ্ছি। আটক জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।”

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন,“২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আমরা ২৪ ঘণ্টা মাঠে কাজ করছি। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মূল লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা।”

সরকারি নিষেধাজ্ঞা ও শাস্তির বিধান

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এ সময় মাছ ধরলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে চলমান এ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

Recommended For You