চাঁদপুরে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্সের ২০ অভিযান, ৩টি মামলা

বাংলা রিডার ডেস্ক:
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় ২২ দিনব্যাপী অভিযানে ২০টি অভিযান পরিচালনা করেছে জেলা টাস্কফোর্স। একইসঙ্গে দায়ের করা হয়েছে ৩টি মামলা।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা মৎস্য বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় এসব অভিযান পরিচালিত হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এ সময় ১২০টি মাছের আড়ৎ, ৩টি অবতরণ কেন্দ্র ও ৪৬টি স্থানীয় বাজার পরিদর্শন করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, “ইলিশের উৎপাদন ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জেলেদের সচেতন করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বড় হয়ে গেলে জেলেরাই ইলিশ ধরতে পারবে, তবে নিষেধাজ্ঞা ভাঙলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযান পরিচালনায় জেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

প্রসঙ্গত, চাঁদপুরের প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় ৪৫ হাজার ৬১৫ জন নিবন্ধিত জেলে রয়েছে। নিষেধাজ্ঞার সময়ে মাছ না ধরার শর্তে সরকার তাদের প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল সহায়তা প্রদান করছে।

বিজ্ঞাপন

Recommended For You