২৮ সেপ্টেম্বর থেকে সংলাপে বসছে নির্বাচন কমিশন

বাংলা রিডার ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপ শুরু হবে আগামী রবিবার, ২৮ সেপ্টেম্বর থেকে। এর মাধ্যমে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, নির্বাচনি রোডম্যাপ অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ, নারী নেত্রী, গণমাধ্যমকর্মী, পর্যবেক্ষক সংস্থা, নির্বাচন বিশেষজ্ঞ এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে সংলাপে অংশ নেবেন সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। পুরো সংলাপ প্রক্রিয়া এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হামিদ মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক পাচ্ছে না।

তিনি বলেন, “নির্বাচনে প্রতীক বরাদ্দ সংক্রান্ত নিয়ম অনুযায়ী এনসিপির আবেদন পর্যালোচনা করে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।”

নির্বাচনকে সামনে রেখে সংলাপের মাধ্যমে ইসি অংশীজনদের মতামত ও পরামর্শ নিয়ে পরবর্তী প্রস্তুতি চূড়ান্ত করতে চায়। সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশগুলো নির্বাচন ব্যবস্থায় প্রতিফলনের আশ্বাসও দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

Recommended For You