ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, চলছে ব্যাপক প্রস্তুতি: প্রধান উপদেষ্টা ইউনূস

বাংলা রিডার ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, “নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ এবং সহিংসতামুক্ত। দেশজুড়ে প্রস্তুতি চলছে পুরোদমে।”

বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে।

দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বৈঠকে। এর মধ্যে ছিল বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা (সার্ক), রোহিঙ্গা সংকট, এবং বাংলাদেশের বিরুদ্ধে পরিচালিত বিভ্রান্তিকর প্রচার।

রোহিঙ্গা প্রসঙ্গে ইউনূস বলেন, “কক্সবাজারে অবস্থানরত ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য আমরা যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করছি।” এ সময় মার্কিন পক্ষ রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেয়।

সার্ক প্রসঙ্গে ইউনূস বলেন, “এক দশকের বেশি সময় ধরে সার্ক শীর্ষ সম্মেলন আয়োজন করতে পারেনি। আমরা এ সংস্থাকে পুনরুজ্জীবিত করতে সক্রিয়ভাবে কাজ করছি।”

তিনি আরও জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে বাংলাদেশের সংযুক্তি দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। এজন্য বাংলাদেশ আসিয়ান সদস্যপদে আগ্রহ প্রকাশ করেছে।

নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের দিকেও গুরুত্বারোপ করেন ইউনূস।

তার মতে, “আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে পারব।”

বৈঠকের শেষে তিনি মার্কিন কূটনীতিক সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

Recommended For You