ঢাকায় ১০৫ মিলিমিটার বৃষ্টি: জলাবদ্ধতায় তীব্র যানজট ও চরম ভোগান্তি

বাংলা রিডার ডেস্ক
রাজধানীজুড়ে টানা বৃষ্টিতে নাকাল জনজীবন। রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত থেমে থেমে চলেছে, কোথাও কোথাও ছিল ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। ভোরের পর শুরু হয় টানা ভারী বর্ষণ, যা রাজধানীর অধিকাংশ এলাকায় সৃষ্টি করেছে জলাবদ্ধতা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১০৫ মিলিমিটার।

সকালে অফিস ও স্কুলগামী মানুষের জন্য শুরু হয় চরম দুর্ভোগ। জলাবদ্ধতার কারণে রাজধানীর সড়কে দেখা দেয় ভয়াবহ যানজট। মিরপুর, মতিঝিল, আরামবাগ, মগবাজার, মৌচাক, খিলগাঁও, রাজারবাগ, মালিবাগ, ধানমন্ডি, গ্রিন রোড, বিজয় স্মরণী, ফার্মগেট, শান্তিনগর, বনানী, হাতিরঝিলসহ বহু এলাকায় সড়কে পানি জমে চলাচলে বিঘ্ন ঘটায়। কোথাও কোথাও ঝড়ে গাছ উপড়ে পড়েছে, আর কিছু কিছু সড়কে যানবাহন বিকল হয়ে দীর্ঘজট তৈরি করেছে।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে থাকার খবর পাওয়া গেছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও অফিসগামীদের পড়তে হয়েছে চরম দুর্ভোগে। যানবাহনের সংকটে রিকশা ও প্রাইভেট পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে—স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার গুণ পর্যন্ত।

এদিকে যানজট নিয়ন্ত্রণে সকাল থেকেই মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সকাল ১০টায় ট্রাফিক গুলশান বিভাগ জানায়, বনানী ঢাকা গেট এলাকার সড়কে পানি জমায় যান চলাচল অত্যন্ত ধীরগতির। যাত্রীদের বিকল্প রুট হিসেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

দুপুর ১২টায় ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, কাজীপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় জলাবদ্ধতার কারণে যান চলাচল এক লেনে সীমিত, ফলে যানজট আরও বেড়েছে। যাত্রীদের সময় নিয়ে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, টেকনিক্যাল ক্রসিং এলাকায় ঝড়ে উপড়ে পড়া গাছ দ্রুত সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে ট্রাফিক বিভাগ।

ঢাকার নাগরিকদের জন্য দিনটি ছিল এক রকম দুর্যোগের নামান্তর—ভারি বৃষ্টি, থমকে যাওয়া শহর, এবং যানজটের কষাঘাতে নিত্যদিনের জীবনে বিরাট অচলাবস্থা।

বিজ্ঞাপন

Recommended For You