জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ইউনূস

বাংলা রিডার ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের গত এক বছরের সংস্কারমূলক পদক্ষেপ, ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি তুলে ধরবেন।

এছাড়াও, তিনি নিউইয়র্কে অবস্থানকালে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও আন্তর্জাতিক ফোরামে অংশ নেবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছয়জন রাজনৈতিক নেতা। তারা হলেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা নকিবুর রহমান তারেক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

বিজ্ঞাপন

Recommended For You