
বাংলা রিডার ডেস্ক
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বর্তমান অবস্থান অবশেষে জানা গেছে। সেনা হেফাজতে নয়, তিনি এখন অবস্থান করছেন একটি ব্যক্তিগত বাড়িতে।
গত ৯ সেপ্টেম্বর দেশজুড়ে চলমান গণআন্দোলনের চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ওলি। নিরাপত্তা ইস্যুতে তিনি সেনাবাহিনীর সহায়তা চাইলে তাকে উত্তর কাঠমান্ডুর শিবাপুরি সেনা ব্যারাকে নিয়ে যাওয়া হয় বলে মনে করা হচ্ছিল।
দেশটির সেনাবাহিনীর একটি সূত্র শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে, টানা ৯ দিন সেনা হেফাজতে থাকার পর তিনি এখন একটি ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন। যদিও আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
নেপালি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ওলি বর্তমানে কাঠমান্ডু শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভক্তপুর জেলার একটি ব্যক্তিগত বাড়িতে রয়েছেন।
এর আগেও ভক্তপুরের বালকোটে তার পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল জেন-জির আন্দোলনকারীরা। তবে সেই সময় তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ছিলেন এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে রক্ষা পান। তাকে উদ্ধারে তখন হেলিকপ্টারও পাঠানো হয়েছিল।
ওলির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল (প্রচন্ড), শের বাহাদুর দিউবা, ঝালনাথ খানাল ও মাধবকুমার নেপালসহ আরও কয়েকজন রাজনীতিকও কিছুদিন সেনা আশ্রয়ে ছিলেন।
তবে এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা এবং তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আর্জু রানা দিউবা সেনা হেফাজতেই রয়েছেন।
সম্প্রতি বিক্ষোভকারীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে এবং কিছু সময়ের জন্য আটক করে রাখে। পরে সেনাবাহিনীর একটি দল হেলিকপ্টারে গিয়ে তাদের উদ্ধার করে।
সূত্র: পিটিআই



