গ্যাস সিলিন্ডারের দোকানে সিগারেট থেকে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০

বাংলা রিডার ডেস্ক
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিকসহ অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চরতি ইউনিয়নের চরপাড়া এলাকায় বৈলতলি ইউনুস মার্কেটের একটি দোকানে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যমতে, দোকানে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট ধরান। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন—দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) এবং মোহাম্মদ ছালে (৩৩)।

চন্দনাইশ ফায়ার সার্ভিস জানায়, সিগারেটের আগুন থেকেই বিস্ফোরণের সূত্রপাত ঘটে। বিস্ফোরণের পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এরই মধ্যে ১০ জন গুরুতর দগ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, দগ্ধদের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের বার্ন ইউনিটে ভর্তি করেন। বর্তমানে তারা চমেক হাসপাতালের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিস্ফোরণের বিস্তারিত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

Recommended For You