ফিফার বিতর্কিত প্রকল্পে বাংলাদেশের আগাম সমর্থনের খবর নাকচ বাফুফের

বাংলা রিডার ডেস্ক
ফিফা প্রেসিডেন্টের বিশ্বকাপ বেসরকারিকরণ উদ্যোগ এবং ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পে বাংলাদেশ আগাম কোনো সমর্থন দেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

তিনি বলেন, ফিফার আলোচিত এই প্রকল্প নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আগাম সমর্থন জানানোর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

আজ বাফুফেতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, উয়েফার জোরালো ভূমিকা এবং আন্তর্জাতিক মহলে এই ইস্যুটি নিয়ে ব্যাপক আলোচনা থাকায়, বাফুফে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই ভবিষ্যতে নিজেদের আনুষ্ঠানিক অবস্থান জানাবে।

সম্প্রতি একটি আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রকাশিত হয় যে, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবনাকে সমর্থন করেছে বাংলাদেশ। এই খবর নাকচ করে দিয়ে বাফুফে সভাপতি জানান, বাফুফের যেকোনো সিদ্ধান্ত এক্সিকিউটিভ কমিটিতে (ইসি) আলোচনার পর চূড়ান্ত হয় এবং তা প্রকাশ্যে জানানো হয়।

তিনি বলেন, ‘আমরা কোনো অগ্রিম সাপোর্ট বা কনফার্মেশন দিইনি। কোনো ব্যক্তির জন্যও দিইনি, কোনো প্রতিষ্ঠানের পক্ষেও দিইনি।

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামের যে প্রোগ্রামটি নিয়ে মেম্বার অ্যাসোসিয়েশনগুলোর মতামত চাওয়া হয়েছিল, আমাদের ইসি তা বিবেচনা করার আগেই ফিফা সেটি বাতিল ঘোষণা করেছে।’
এই প্রজেক্টের অধীনে বিশ্বকাপের ২০ শতাংশ মালিকানা একটি প্রাইভেট ফার্মকে দেওয়ার প্রস্তাব ছিল।

এর বিনিময়ে প্রতিটি মেম্বার অ্যাসোসিয়েশন ভবিষ্যতে ৪০ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারত, যা বর্তমানে ১০ মিলিয়ন ডলার রয়েছে।

তবে প্রজেক্টটি বাতিল হলেও ফিফার ভবিষ্যৎ লিডারশিপ নিয়ে বিতর্ক রয়ে গেছে। বাফুফে সভাপতি বলেন, ‘ইস্যুটা উয়েফার একটি স্ট্রং ভূমিকা রাখার কারণে জিওপলিটিক্যাল রূপ নিচ্ছে। এ কারণে আমি মনে করি ইসির সঙ্গে সঙ্গে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রির সঙ্গেও কথা বলতে হবে। সার্বিক বিষয়ে আলাপ করেই আমরা ভবিষ্যতে আমাদের অবস্থান জানাব।’

বিজ্ঞাপন

Recommended For You