
বাংলা রিডার ডেস্ক
আগামী ২৮ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ। টুর্নামেন্টটি চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
এবারের আসরে একই গ্রুপে জায়গা পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, যা গ্রুপপর্বের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
আর ক্রিকেটপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
এবারের এশিয়া কাপে অংশ নেবে মোট আটটি দল।
দলগুলোকে সমান দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘গ্রুপ এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং, চীন।
অন্যদিকে ‘গ্রুপ বি’তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
প্রকাশিত সূচি অনুযায়ী, ২৮ আগস্ট থাইল্যান্ড ও হংকং ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালসহ মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ৫ সেপ্টেম্বর হবে ভারত-পাকিস্তান মহারণ। ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ৮ সেপ্টেম্বর জ্যোতিদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, লিগ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে।
১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের।



