সেপ্টেম্বরের শেষ দিকে দেশজুড়ে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা রিডার ডেস্ক
আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে দেশব্যাপী ব্যাপকভাবে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ ক্যাম্পেইনের মাধ্যমে সহজলভ্য উপায়ে পরিবার পরিকল্পনার বিভিন্ন সামগ্রী ও সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি জন্মহার কমাতে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

রোববার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করব। এ জন্য যা যা করার প্রয়োজন, আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি, দেশকে উন্নত করব এবং স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাব।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে নানা ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশকে কতদিনে উন্নত করা সম্ভব হবে, তা বলা কঠিন।

এর আগে আকস্মিক ঝটিকা সফরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে হাসপাতালের অব্যবস্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

তবে পরবর্তীতে চাঁদপুর সরকারি হাসপাতাল এসে মৌখিকভাবে তাকে ক্ষমা করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। ভবিষ্যতে কোন ধরনের দায়িত্ব অবহেলা করলে আর ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন নুরে আলম দীন।

বিজ্ঞাপন

Recommended For You