
৪৬টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে চূড়ান্ত গেজেট প্রকাশ
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৪৬টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের স্বাক্ষরে ৩০০ আসনের পুনর্নির্ধারিত তালিকা প্রকাশ করা হয়।
এর আগে ৩০ জুলাই ৩৯টি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব করে খসড়া তালিকা প্রকাশ করে ইসি। এরপর দেশজুড়ে মোট ৮৪টি আসনের বিরুদ্ধে ১ হাজার ৮৯৩টি দাবি ও আপত্তির আবেদন জমা পড়ে। ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চারদিন এসব আবেদন নিয়ে শুনানি শেষে কমিশন ৪৬টি আসনের সীমানায় চূড়ান্ত পরিবর্তন আনে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, এবারের সীমানা পুনর্নির্ধারণে একটি বিশেষায়িত কমিটি কাজ করেছে। তিনি বলেন, “গাজীপুরে একটি নতুন আসন যোগ হয়ে এখন সেখানে ৬টি আসন হয়েছে। অন্যদিকে, বাগেরহাটে একটি আসন কমিয়ে ৩টি করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও জটিল এ কাজ শেষ হওয়ায় নির্বাচন প্রস্তুতির অগ্রগতি এখন দৃশ্যমান।”
চূড়ান্ত গেজেটে দেখা যায়, গতবারের ২৫৪টি আসনের সীমানা অপরিবর্তিত থাকলেও ৪৬টি আসনের সীমানায় পরিবর্তন এসেছে। গত তিনটি সংসদ নির্বাচনের তুলনায় এবারের সীমানা পরিবর্তনের পরিমাণ সবচেয়ে বেশি।
পরিবর্তিত আসনের তালিকা:
পঞ্চগড়: ১, ২
রংপুর: ১, ৩
সিরাজগঞ্জ: ১, ২
পাবনা: ১, ২
বাগেরহাট: ১, ২, ৩
সাতক্ষীরা: ২, ৩, ৪
মানিকগঞ্জ: ২, ৩
ঢাকা: ২, ৪, ৫, ৭, ১০, ১৪
গাজীপুর: ১, ২, ৩, ৫, ৬
নারায়ণগঞ্জ: ৩, ৪, ৫
ফরিদপুর: ২, ৪
শরীয়তপুর: ২, ৩
ব্রাহ্মণবাড়িয়া: ২, ৩
কুমিল্লা: ১, ২, ৬, ১০
নোয়াখালী: ১, ২, ৪, ৫
চট্টগ্রাম: ৭, ৮উল্লেখ্য, প্রাথমিক খসড়ায় অন্তর্ভুক্ত ঢাকা-৩, কুমিল্লা-৯, ঢাকা-১৯ ও সিলেট-১ আসনের সীমানা আপত্তির ভিত্তিতে আগের অবস্থানে ফিরিয়ে আনা হয়েছে।



