চাঁদপুরে পিআইবির ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য অনুষ্ঠিত তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে পিআইবি কাজ করে যাচ্ছে। দেশের শিল্পী ও সাহিত্যিকদের জন্য যেমন পৃথক প্রতিষ্ঠান রয়েছে, তেমনি সাংবাদিকদের জন্য পিআইবিই কেন্দ্রীয় প্রশিক্ষণ একাডেমি। প্রতিষ্ঠানটি কোনো শাস্তিমূলক ভূমিকা পালন করে না; বরং সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি ও মানোন্নয়নই এর মূল লক্ষ্য।

তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া ও ফ্যাক্ট চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভিউ-নির্ভর অপপ্রচার ও ভুয়া তথ্যের বিস্তার রোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মকে সংবাদ প্রচারের কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ফারুক ওয়াসিফ আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পেশাদার সাংবাদিকতার বিকাশে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। তিনি চাঁদপুর প্রেস ক্লাবের প্রশংসা করে ভবিষ্যতে মাঠপর্যায়ের সাংবাদিক, বিশেষ করে টেলিভিশন সাংবাদিক ও ফটোসাংবাদিকদের জন্য আরও বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজনের আশ্বাস দেন।

তিনি বলেন জুলাই গণঅভ্যুথানের মধ্য দিয়ে একটা সুযোগ পেয়েছি। অনেকে প্রশ্ন করে জুলাই কি ব্যর্থ। জুলাই কিন্তু পরিকল্পনা করে করা হয় না, জুলাই কোন প্রকল্প না, ১৪ বছর লুট করা হয়েছে, বন্দী করা হয়েছে, আপনাকে ও আপনার সন্তানকে হত্যা করা হচ্ছে। আমরা আত্মরক্ষা করতে মাঠে নেমেছি, আপনি কোন বিপ্লব করতে মাঠে নামেননি। তাই জুলাই একটা আত্মরক্ষার নাম। দেশ একটি নিয়মতান্ত্রিকভাবে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে এগুলো হচ্ছে জুলাইয়ের সফলতা। আমরা যদি আমাদেরকে নতুন করে সংগঠিত করতে পারি এবং গণতান্ত্রিক ও অর্থনৈতিক উন্নয়ন এই দুই ধারা বজায় রাখতে পারি তাহলে আমরা উন্নত হতে পারব। এক সাংবাদিকের এক প্রশ্ন থেকে জুলাইয়ের সূত্রপাত। ফ্যাসিবাদের একটা গুরুত্বপূর্ণ ইঞ্জিন ছিল সাংবাদিকতা। সাংবাদিকতা হচ্ছে ৩ ধরনের। একটা হচ্ছে শিকারি সাংবাদিকতা, যেটা কোন দেশকে, কোন বিরোধী রাজনৈতিক দলকে বা বিরোধী কোন পক্ষের প্রতিষ্ঠানকে নিশানা করে যে

সাংবাদিকতা করা হয় তাই শিকারী সাংবাদিকতা। এই জঙ্গিবাদ, দূর্ণীতি দমন, ফ্যাসিবাদকে সহযোগিতার নামে শিকারী সাংবাদিকতা করা হয়েছে। জুলাইতে ৬জন সাংবাদিক নিহত হয়েছে এর মধ্যে ৫জন পুলিশের গুলিতে ও একজন জনগণের ধাওয়াতে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ। এছাড়া বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৩৫ জন সাংবাদিক অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও ধন্যবাদপত্র প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনসহ সংশ্লিষ্টদেরও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মুনির চৌধুরী।

উল্লেখ্য, গত ২৩ জুলাই চাঁদপুর প্রেস ক্লাবে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক এই তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

Recommended For You