
বাংলা রিডার ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে, নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এর আগে দুপুরে হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে বলেন,“হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করেন। ফলে ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা রইল না।”
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি নিয়ে নির্বাচন স্থগিত করেন।
রিটটি দায়ের করেন বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করেন।
হাইকোর্ট রায়ে বলেন, রিটকারীকে ১৫ দিনের মধ্যে তার অভিযোগ ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে হবে।
এই আদেশের পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চেম্বার আদালতের নির্দেশনায় নির্বাচনী প্রক্রিয়া পুনরায় সচল হলো। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি চলবে।


