ইরানের জ্বালানি স্থাপনা ও খারগ দ্বীপে হামলার হুমকি ট্রাম্পের

বাংলা রিডার ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি দ্রুত হরমুজ প্রণালি বাণিজ্যের জন্য উন্মুক্ত না করে, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্র ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপ লক্ষ্য করে সামরিক হামলা চালানো হতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোনও সমঝোতায় পৌঁছানো না গেলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও জোরদার করা হবে।

তিনি লিখেছেন, আলোচনায় অগ্রগতি থাকলেও দ্রুত চুক্তি না হলে এবং হরমুজ প্রণালি অবিলম্বে খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং খারগ দ্বীপে হামলা চালাতে পারে।

ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই খারগ দ্বীপের মাধ্যমে সম্পন্ন হয়। দ্বীপটিতে রয়েছে বড় বড় তেল সংরক্ষণ ট্যাংক, পাইপলাইন ও সমুদ্রবন্দর সুবিধা। প্রতিদিন এখান থেকে প্রায় ১৩ থেকে ১৬ লাখ ব্যারেল তেল ট্যাঙ্কারে লোড করা সম্ভব।

এর আগে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছার কথাও জানান। তিনি বলেন, প্রয়োজন হলে খারগ দ্বীপ দখল করাও বিবেচনায় রয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রায় তিন হাজার লক্ষ্যবস্তু রয়েছে। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তেহরানের সঙ্গে শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব।

সূত্র: ইউরো নিউজ।

বিজ্ঞাপন

Recommended For You