
বাংলা রিডার ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ধরনের ঘটনার বিচার মূলত ‘যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়ে গেছে’।
সোমবার (৩০ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন প্রশ্ন তুলে জানতে চান, জুলাই আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বিচারবিভাগীয় প্রক্রিয়ার বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিভাগীয় ব্যবস্থা নেবে কি না। একই সঙ্গে ‘পুলিশ হত্যা’ ইস্যু ঘিরে বাহিনীর ভেতরে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা নিরসনে সরকারের কোনো উদ্যোগ আছে কি না তাও জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি বড় রাজনৈতিক প্রশ্ন। চাইলে আলাদা নোটিশের মাধ্যমে বিষয়টি আলোচনা করা যেত। তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে, যা বর্তমানে সংসদে উপস্থাপিত অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে নানা দাবি-দাওয়ার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, কেউ যদি এ ধরনের ঘটনার বিচার দাবি করে, তাহলে প্রশ্ন উঠতে পারে—১৯৭১ সালে রাজাকারদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের কর্মকাণ্ডেরও কি বিচার হবে?
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাযজ্ঞ চালানো হলে জনতার প্রতিরোধে কিছু মানুষ নিহত বা আহত হয়েছে। তবে এসব ঘটনার নিষ্পত্তি ইতোমধ্যে পরিস্থিতির মধ্যেই হয়ে গেছে।
মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য জারি করা অধ্যাদেশ সংসদে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে এবং এ বিষয়ে জাতীয় ঐকমত্য রয়েছে বলে তিনি মনে করেন।


