নেপালে নতুন সরকার গঠনের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

বাংলা রিডার ডেস্ক

নেপালে নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (বালেন শাহ) শপথ নেওয়ার মাত্র একদিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। শনিবার ভোরে রাজধানী কাঠমান্ডুর ভক্তপুর এলাকায় নিজ নিজ বাসভবন থেকে তাদের আটক করে কাঠমান্ডু ভ্যালি পুলিশ।

কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, নেপালের বিশেষ আদালতের সাবেক বিচারক গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে এবং আইনি প্রক্রিয়া মেনেই এই গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নেপালে ব্যাপক ‘জেন-জি’ বিক্ষোভ শুরু হয়। আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অলি। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন রমেশ লেখক।

সেপ্টেম্বরের ওই বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়, বিশেষ করে ৮ ও ৯ সেপ্টেম্বর। দুই দিনে অন্তত ৭০ জন নিহত হন, যাদের মধ্যে ১৯ জন আন্দোলনকারী ছিলেন।

বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হয়ে গত ১১ সেপ্টেম্বর পদত্যাগ করেন কে পি শর্মা অলি। এর আগেই পদত্যাগ করেন রমেশ লেখক।

পরবর্তীতে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। একই সঙ্গে জনবিক্ষোভ ও সহিংসতার ঘটনাগুলো তদন্তে গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বে একটি কমিশনও গঠিত হয়।

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে। নির্বাচনে জয়ী হয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হন বালেন্দ্র শাহ, যিনি দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী—তার বয়স ৩৫ বছর। তিনি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা।

এদিকে, গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরং বলেন, “এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের অঙ্গীকার বাস্তবায়নের সূচনা। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

সূত্র: ফার্স্টপোস্ট

বিজ্ঞাপন

Recommended For You