
বাংলা রিডার ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ। দীর্ঘ বিরতির পর আবারও কর্মব্যস্ত জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কর্মজীবী মানুষ। আগামীকাল থেকে খুলছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, পাশাপাশি কার্যক্রম শুরু হবে উচ্চ ও নিম্ন আদালতেরও।
মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সরকারি অফিস আগের সময়সূচিতে ফিরছে। রমজান মাসে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত, তবে এখন থেকে তা আবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হবে।
গত ২১ মার্চ দেশে ধর্মপ্রাণ মুসলমানরা উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেন। ঈদের আগে ১৬ মার্চ ছিল শেষ কর্মদিবস এবং ১৭ মার্চ থেকে শুরু হয় ছুটির ধারাবাহিকতা। শবে কদর ও ঈদের ছুটির সঙ্গে মাঝখানের ১৮ মার্চও বিশেষভাবে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা টানা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত অবকাশ পান।
ঈদের ছুটি কাটাতে রাজধানী ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছিলেন লাখো মানুষ। এখন তারা ধীরে ধীরে কর্মস্থলে ফিরছেন। ইতোমধ্যে রাজধানীর লঞ্চঘাট, রেলস্টেশন ও বাস টার্মিনালে ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে।
তবে সপ্তাহের মাঝামাঝি আবারও ছুটির আমেজ থাকছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি এবং এর পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকায় অনেকেই হয়তো ২৯ মার্চ থেকে পুরোপুরি কাজে যোগ দেবেন। ফলে অফিস খোলার পরও প্রথম কয়েকদিন উপস্থিতি কম থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।



