শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক

ফেব্রুয়ারির ১২ তারিখের ভোটের মাধ্যমে দেশের মানুষ হারানো দিনের ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের নয়, এটি দেশ পুনর্গঠনের নির্বাচন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এবার সময় এসেছে সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি দেশ পুনর্গঠনের কাজ শুরু করার।

তিনি জানান, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে নারীরা স্বাবলম্বী হবেন। কৃষকদের জন্য চালু করা হবে কৃষক কার্ড, যাতে তারা সহজে ঋণ, সার ও বীজ পেতে পারেন। এছাড়া ধানের শীষকে বিজয়ী করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়েই দেশকে সামনে এগিয়ে নিতে চান তিনি। কারণ দেশের প্রকৃত মালিক জনগণ। তাই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চান তিনি।

তিনি আরও বলেন, চিনিকলসহ এই অঞ্চলের বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা হবে। ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে এবং কৃষকদের পণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ করা হবে। পাশাপাশি বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে আইটি সেক্টরে হাব গড়ে তোলার কথাও জানান তিনি।

সরকার গঠন করলে যত দ্রুত সম্ভব এই এলাকার বিমানবন্দর চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে এবং সবাইকে বিচার করা হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়।

নিরাপদ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সবাই মিলে দেশ গড়ে তুলতে হবে। শেষে এলাকার উন্নয়ন ও দেশের সার্বিক অগ্রগতির জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

সমাবেশে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষায় গোটা দেশ তারেক রহমানের দিকে তাকিয়ে। কঠিন সময়ে নেতৃত্ব দেওয়ায় তাকে শতভাগ সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

Recommended For You