
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে স্থানীয় ফসলি জমি কেটে নেওয়ার ঘটনা ধরা পড়েছে, যা “মাছের ঝিল” তৈরি করার নামে চলছে। ইউনিয়নের প্রায় ১০টি স্থানে শরিয়তপুর জেলার প্রভাবশালী একটি চক্র স্থানীয়দের সাথে নিয়ে জমির টপসয়েল কেটে ফেলছে। টপসয়েল নষ্ট হলে ফসলের উৎপাদন হ্রাস পায় এবং ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, চরফতেহজংপুর গ্রামের খানেপুর মৌজা ও ফেরিঘাটের বিপরীত পাশসহ বিভিন্ন স্থানে নান্টু মাল, ইউনুস মোল্লা, চান্দু চৌকিদার, হাফেজ খান, বিল্লাল গাজী, মমিন দিদার, মজু হাওলাদার, হারুন হাওলাদার, ইসমাইল তালুকদার, খোরশেদ হাওলাদারসহ একটি চক্র স্থানীয়দের সঙ্গে মিলে শত শত একর জমির টপসয়েল কেটে বিক্রি করছে। এই মাটি রাতের আঁধারে জাহাজে ভরিয়ে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হয়।

আইন অনুযায়ী, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (পরবর্তীতে সংশোধিত) অনুযায়ী এই ধরনের কাজের জন্য জরিমানা, কারাদণ্ড বা উভয় শাস্তি ধার্য রয়েছে।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি জানিয়েছেন, কয়েকদিন আগে মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ভেকু ধ্বংস করা হয়। তবে শিঘ্রই অভিযানের মাধ্যমে চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



