জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ : সেনা মোতায়েন

বাংলা রিডার ডেস্ক

ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই সেনাবাহিনী, পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেখানে মোতায়েন করা হয়।

জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের একটি মিছিল হঠাৎ তাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালায়। অন্যদিকে, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করেছেন, পল্টন থেকে নাইটেঙ্গেল মোড় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় জাপা কার্যালয়ের সামনে থেকে ইট-পাটকেল ছুড়ে উসকানি দেওয়া হয়।

গণঅধিকার পরিষদের মিডিয়া সমন্বয়ক আবু হানিফ বলেন, “আমাদের কর্মসূচি ছিল আওয়ামী লীগের দোসরদের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে। জাপা অফিস পার হওয়ার সময় পেছন থেকে হামলা হয়। সেখানে জাতীয় পার্টির পাশাপাশি আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরাও ছিল বলে আমরা সন্দেহ করছি।”

তিনি আরও জানান, এই ঘটনায় তাদের অন্তত ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, “সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।”

তবে এই সংঘর্ষে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও এলাকাটি ঘিরে রেখেছেন।

বিজ্ঞাপন

Recommended For You