গণঅভ্যুত্থানে ১১ জন দুই চোখ, ৪৯৩ জন এক চোখে দৃষ্টি হারিয়েছেন

ট্রাইব্যুনালে চিকিৎসকের জবানবন্দি

বাংলা রিডার ডেস্ক:
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থনে আহতদের মধ্যে ৪৯৩ জন এক চোখে এবং ১১ জন দুই চোখে চিরতরে দৃষ্টি হারিয়েছেন। এছাড়া, ২৮ জন গুরুতর দৃষ্টিস্বল্পতা ও ৪৭ জন এক চোখে আংশিক দৃষ্টিহীনতায় ভুগছেন।

সোমবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এসব তথ্য জানান হাসপাতালের রেটিনা বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা। তিনি মামলাটির ২১তম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন। এই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি দুইজন হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

জবানবন্দিতে ডা. জাকিয়া বলেন, ১৭ জুলাই থেকে হাসপাতালে গণআন্দোলনের আহতদের আসা শুরু হয়। ১৮ জুলাই ছিল সবচেয়ে ভয়াবহ দিন, যেদিন প্রায় ২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়। তাদের বেশিরভাগের বয়স ছিল ১৪ থেকে ২৫ বছরের মধ্যে।

তিনি জানান, বহু রোগীর কর্নিয়া ছিদ্র, রেটিনা ক্ষতিগ্রস্ত এবং কেউ কেউ চোখ হারিয়েছেন। অধিকাংশ আহতই পিলেট ও বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছেন।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে অনেকেই নিজেদের পরিচয় গোপন করেছিলেন নিরাপত্তার কারণে। মোট ৮৬৪ জন আহত ওই সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You