রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব উত্থাপন ড. ইউনূসের

বাংলা রিডার ডেস্ক
রোহিঙ্গা সংকট সমাধানে একটি কার্যকর ও সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে তিনি একটি ৭ দফা প্রস্তাব উত্থাপন করেন, যেখানে তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও মানবাধিকার নিশ্চিতের ওপর জোর দেন।

সম্মেলনে ড. ইউনূসের বক্তব্যের মূল প্রতিপাদ্য:
কক্সবাজার বিমানবন্দরে সকাল ১০টার দিকে পৌঁছেই সম্মেলনে অংশ নেন ড. ইউনূস। তিনি বলেন, “রোহিঙ্গাদের জাতিগত নির্মূল পরিকল্পনা প্রতিহত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ ২০১৭ সাল থেকে সীমিত সামর্থ্য নিয়েও রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে, কিন্তু এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে চলা অসম্ভব।”

তাঁর ৭ দফা প্রস্তাবের মূল বিষয়বস্তু: ১, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি আন্তর্জাতিক তদারকি কাঠামো গঠন।২, জাতিসংঘের তত্ত্বাবধানে প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালনা।
৩, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েন। ৪, রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিক অধিকার স্বীকৃতি দিতে বৈশ্বিক চাপ জোরদার।
৫, রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ। ৬, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদার। ৭, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতে কার্যকর ব্যবস্থা।

 

আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস হুঁশিয়ার করে বলেন, “রোহিঙ্গা সংকট এখন শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। মিয়ানমারের রাজনৈতিক ব্যর্থতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার ফলেই এই সংকট দীর্ঘায়িত হচ্ছে।” রাজনৈতিক প্রসঙ্গেও কথা বলেন ড. ইউনূস দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশ স্থিতিশীল রয়েছে। জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, এবং সরকার ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘ প্রতিনিধি, আন্তর্জাতিক এনজিও এবং রোহিঙ্গা ক্যাম্পের প্রতিনিধিরা অংশ নেন। রোহিঙ্গা প্রতিনিধিরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের দাবিতে আন্তর্জাতিক সহায়তা কামনা করেন।

ড. ইউনূসের ৭ দফা প্রস্তাবকে রোহিঙ্গা সংকট সমাধানে একটি বাস্তবভিত্তিক ও মানবিক দৃষ্টিভঙ্গির রূপরেখা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায় এর প্রতিক্রিয়ায় কতটা সক্রিয় ভূমিকা নেয়।

বিজ্ঞাপন

Recommended For You