
বাংলা রিডার ডেস্ক
দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে মাতৃভূমির মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তারা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে গুলশান-২ নম্বর এলাকার ১৯৬ নম্বর বাসভবনে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বিতর্কিত ওয়ান-ইলেভেন সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। যদিও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে ফিরেছেন, তবে এতদিন তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়নি।
আজকের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তার দীর্ঘ নির্বাসিত জীবনের অধ্যায়ের অবসান ঘটল।



