
বাংলা রিডার ডেস্ক
সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর পৌনে ১২টায় উড়োজাহাজটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা শুরু করে সকাল ৯টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর ঢাকার পথে রওনা হয় বিমানটি।
তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে ফিরছেন তারেক রহমান। এ যাত্রায় তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মী জড়ো হয়েছেন। কুড়িল–বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট সড়ক জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে।



