খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার

বাংলা রিডার ডেস্ক

বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গতকাল (রোববার) রাতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান। প্রায় ৪৫ মিনিটের এই সৌজন্য সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ইসহাক দারের সঙ্গে ছিলেন।

সাক্ষাৎ শেষে ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং তাঁর সুস্থতা কামনা করতেই মূলত এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের পক্ষ থেকে খালেদা জিয়ার প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ইসহাক দার।

তিনি আরও জানান, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা (সার্ক) ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে আলোচনা হলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি।

এর আগে ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকা সফরের সময় খালেদা জিয়ার সঙ্গে একইভাবে সাক্ষাৎ করেছিলেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার গতকাল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়েছিলেন তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে। হৃদরোগে আক্রান্ত হয়ে অস্ত্রোপচারের পর তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। ইসহাক দার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং নিজের পক্ষ থেকে জামায়াত আমিরের সুস্বাস্থ্য কামনা করেন এবং কুশল বিনিময় করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করে জানায়, ইসহাক দার জামায়াত আমিরের রাজনৈতিক, শিক্ষা ও সমাজকল্যাণমূলক অবদানকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

এই সময় তাঁর সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাযওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সার্কবিষয়ক মহাপরিচালক ইলিয়াস মেহমুদ নিজামী, হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং রাজনৈতিক কাউন্সেলর কামরান দাঙ্গল।

জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর এই সফরে তিনি বাংলাদেশ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

Recommended For You