দেশে ফিরতে আজ লন্ডন ছাড়ছেন তারেক রহমান 

বাংলা রিডার ডেস্ক
দেশে ফেরার উদ্দেশ্যে আজ বুধবার (২৪ ডিসেম্বর) যুক্তরাজ্যের লন্ডন ছাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্য সময় সন্ধ্যায় তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তারেক রহমানের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ সময় তার সঙ্গে থাকবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে স্বাগত জানাতে ঢাকায় স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় যাবেন, যেখানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিএনপি নেতাদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই আয়োজনে অংশ নেবেন। উপস্থিতির দিক থেকে এটি অতীতের সব রাজনৈতিক সমাবেশ ও সংবর্ধনাকে ছাড়িয়ে যেতে পারে বলে তারা মনে করছেন। পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও আশা করছে দলটি।

তার আগমনকে কেন্দ্র করে পূর্বাচলসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় স্বেচ্ছাসেবকরাও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে কাজ করছেন।

সংবর্ধনা আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দলের শীর্ষ নেতারা দফায় দফায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি তদারকি করছেন।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। দীর্ঘদিন তিনি সেখানেই অবস্থান করেন। যদিও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও এতদিন তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

Recommended For You