
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে প্রথমে একান্ত এবং পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ এই চুক্তিসমূহ স্বাক্ষরিত হয়।
স্বাক্ষরিত চুক্তি ও স্মারকগুলো হলো: সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রত্যাহার চুক্তি, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়ে সহযোগিতা, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে অংশীদারিত্ব, রাষ্ট্রীয় বার্তা সংস্থা—বাসস (বাংলাদেশ) ও এপিপিসি (পাকিস্তান)—এর মধ্যে সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (ইওওঝঝ) ও পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদ (ওঝঝও)-এর মধ্যে যৌথ গবেষণা ও নীতিনির্ধারণে সহযোগিতা
এই চুক্তিগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতির সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সফরের অংশ হিসেবে রোববার বিকেলে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসহাক দার।
উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় পর এবারই প্রথমবারের মতো কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এলেন। দুই দিনের এই সফরে ইসহাক দার প্রথম দিনেই বিএনপি, জামায়াতে ইসলামি এবং এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এর আগে চলতি বছরের ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা সফরের কথা ছিল, তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে সেই সফর স্থগিত করা হয়।



