
বাংলা রিডার ডেস্ক
সমৃদ্ধ ও জনবান্ধব চাঁদপুর নির্মাণের লক্ষ্যকে সামনে রেখে শহরের বাড়িওয়ালাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা। শুক্রবার (২১ নভেম্বর) মাগরিবের পর রেড চিলি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ শাহাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মোঃ মাসুদুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার যে দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম স্থাপন করেছেন, সুযোগ পেলে জামায়াতে ইসলামীও একই আদর্শে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেয়। তিনি আরও উল্লেখ করেন, হযরত ওমর ফারুক (রা.) রাতে মানুষের দুর্দশা জেনে পদক্ষেপ নিতেন—জামায়াতও ক্ষমতা পেলে দুর্নীতি ও দুঃশাসন দূরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং কোনো নেতার ব্যক্তিগত স্বার্থে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করা হবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট শেখ আবুল খায়ের মোহাম্মদ সালেহ, মদিনা বিশ্ববিদ্যালয়ের মুবাল্লিগ আ. ন. ম. নুরুর রহমান মাদানী এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের তথ্য ও যোগাযোগ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন। তারা নাগরিক অধিকার নিশ্চিতকরণ, ন্যায্য ভাড়া নির্ধারণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, নিরাপদ আবাসন ব্যবস্থাপনা এবং শহর উন্নয়নে বাড়িওয়ালা-বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
সভা পরিচালনা করেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান। অনুষ্ঠানে শহর জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক ওমর ফারুক, আব্দুস শুক্কুর মস্তান, গোলাম মাওলা, আলমগীর বন্ধুকসীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন, নিরাপদ ও সমৃদ্ধ চাঁদপুর গড়তে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



