যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের

বাংলা রিডার ডেস্ক

আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠন এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। এই সফরেই তিনি যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার করার বড় ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এর আগের দিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এমবিএস বলেন, “আমরা আশা করছি আজ বা কালকে ঘোষণা দিতে পারব যে বিদ্যমান ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা হচ্ছে।”

তিনি আরও জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে একাধিক বড় চুক্তি হবে, যা ভবিষ্যতে আরও বিনিয়োগের পথ খুলে দেবে।

এ ঘোষণায় বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, “মানে ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?” উত্তরে এমবিএস বলেন, “হ্যাঁ, অবশ্যই। আজ যে চুক্তিগুলো স্বাক্ষর হচ্ছে, সেগুলোই এই বৃদ্ধিকে সম্ভব করছে।”

সৌদি বিনিয়োগের প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, “আপনারা ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন—এজন্য ধন্যবাদ। যেহেতু আপনি আমার বন্ধু, তাই হয়তো এই অঙ্ক ১ ট্রিলিয়নেও পৌঁছাতে পারে। তবে এ বিষয়ে আমাকে আরও কিছু কাজ করতে হবে।”

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এ বৈঠককে দুই দেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বলে মন্তব্য করেন। তিনি জানান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বড় দ্বিপক্ষীয় চুক্তি করেছে, যদিও এসব চুক্তির বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

রিমা বলেন, এসব চুক্তি দুই দেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সৌদি ও মার্কিন নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে উভয় দেশের যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

বিজ্ঞাপন

Recommended For You