
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বসতঘরের দরজা বাইরে থেকে শিকল দিয়ে আটকে রেখে একটি দরিদ্র পরিবারের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। চুরির ঘটনায় ক্ষতির পরিমাণ আনুমানিক ৪ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট ২০২৫) গভীর রাতে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের চরবাকিলা গ্রামের মুন্সীবাড়িতে।
ক্ষতিগ্রস্ত গরুর মালিক দিনমজুর হোসেন মুন্সীর স্ত্রী রাজিয়া বেগম জানান, “রাত আড়াইটার দিকে গরুর ঘরে গিয়ে কয়েল জ্বালিয়ে খাবার দিয়ে আসি। সকালে ফজরের সময় ঘরের দরজা খুলতে গিয়ে দেখি, বাইরে থেকে দরজায় শিকল লাগানো। জানালা দিয়ে তাকিয়ে দেখি, গোয়ালঘরে কোনো গরু নেই।” গরু বিক্রির টাকায় ছেলের চিকিৎসার পরিকল্পনা ছিল।
দিনমজুর হোসেন মুন্সী জানান, “গত কোরবানিতে বড় গরুটির দাম উঠেছিল দেড় লাখ, মাঝারিটি ১ লাখ ২০ হাজার, কিন্তু বিক্রি করিনি। আমার দুই বছরের ছেলেটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। প্রতি তিন মাস পর পর রক্ত দিতে হয়। ভেবেছিলাম, গরু বিক্রি করে চিকিৎসার টাকা জোগাড় করব।” এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন পাঁচ সন্তানের এই হতদরিদ্র বাবা।
হোসেন মুন্সীর ভাগনে রিপন বলেন, “গরুর ঘর স্থানান্তর নিয়ে প্রতিবেশীর সঙ্গে সম্প্রতি বিরোধ হয়েছিল। সে হুমকিও দিয়েছিল। আমরা আইনের আশ্রয় নিচ্ছি। তদন্তেই সব পরিষ্কার হবে।”
স্থানীয় ইউপি সদস্য মানিক জানান, “ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছি। এটা তাদের জন্য বড় ক্ষতি।” ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন,
“পরিবারটি আমাকে জানিয়েছে। আমি তাদের আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি।”
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



