চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৮ জেলে আটক

বাংলা রিডার ডেস্ক
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ ধরায় ১৮ জেলেকে আটক করেছে নৌপুলিশ। ২৪ ঘণ্টাব্যাপী অভিযান শেষে বুধবার (৮ অক্টোবর) সকালে এই তথ্য জানায় চাঁদপুর নৌপুলিশ।

নৌপুলিশের চাঁদপুর অঞ্চলের মিডিয়া সেল জানায়, অভিযানে ১৮ জেলে আটক ছাড়াও জব্দ করা হয়েছে ৪৪ লাখ ১১ হাজার মিটার কারেন্ট জাল, ৩২৩ কেজি ইলিশ এবং ৯টি মাছ ধরার নৌকা।

অভিযানটি পরিচালনা করেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সুপারিনটেনডেন্ট সৈয়দ মোশফিকুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এবং চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবাল।

নৌপুলিশ সুপার জানান, “মা ইলিশ রক্ষায় আমাদের টহল জোরদার রয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত চলমান এই বিশেষ অভিযানে কেউ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

Recommended For You